বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হামে ৯৫ দিনে প্রাণ গেল ৬৬৬ শিশুর

news-image

অনলাইন ডেস্ক : দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, নতুন করে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন সিলেট বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে সর্বাধিক ৩৩১ জন ঢাকা বিভাগের। চট্টগ্রামে ১৭৫ জন এবং বরিশালে ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ৮১৫ জন রোগী হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯৫ দিনে দেশে মোট ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৪ হাজার ১৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের শরীরে।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭০ হাজার ৫০৩ জন। তবে উদ্বেগের বিষয় হলো, গত ৯৫ দিনে হাম ও এর উপসর্গে মোট ৬৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৭৩ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু।

এ জাতীয় আরও খবর