জাতিসংঘে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ১৮, ২০২৬
অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে চলমান মানবিক সংকট মোকাবিলায় সহায়তা কার্যক্রম জোরদার, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয়ে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) আয়োজিত ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মানবিক মূল্যবোধের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক সুরক্ষা, দুর্যোগ মোকাবিলা, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের দক্ষতা, নেতৃত্ব এবং অবদানের প্রশংসা করেন। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রমে নারীদের কার্যকর অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।
বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার ইকোসকের হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। এদিন তিনি ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘে অনুষ্ঠিত এসব আলোচনা ও বৈঠকে মানবিক সহায়তা, নারী ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় তুলে ধরেছে বাংলাদেশ।