বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আব্বাস। সরকার গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ অনুযায়ী আফরোজা আব্বাস যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে সরকার চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবে এবং তিনিও পদত্যাগ করতে পারবেন।

এতে আরও বলা হয়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদটি অবৈতনিক।

উল্লেখ্য, জাতীয় মহিলা সংস্থা নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে থাকে। নতুন নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।