বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে দায়িত্ব, বিকেলেই প্রত্যাহার—বিমানে শাহনাজ বেগম নিয়ে বিতর্ক

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে ফ্লাইট সার্ভিস বিভাগের ব্যবস্থাপক শাহনাজ বেগমকে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংস্থাটির পদোন্নতি ও দায়িত্ব বণ্টন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র জানায়, সম্প্রতি তাকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়। তবে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা-সমালোচনা শুরু হলে একই দিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বিমানের একাংশ কর্মীদের অভিযোগ, দীর্ঘ চাকরি জীবনের পর জন্মতারিখ সংশোধনের মাধ্যমে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতা ও পূর্ববর্তী দায়িত্বকালীন কর্মকাণ্ড নিয়েও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, শিডিউলিং ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ফ্লাইট ডিউটি বণ্টনে পক্ষপাতিত্ব করেছেন, যার কারণে কিছু কর্মকর্তা বঞ্চিত হয়েছেন।

এছাড়া একটি বিশেষ ফ্লাইটে ক্রু নির্বাচন ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও অতীতে বিতর্ক তৈরি হয়েছিল বলে দাবি করেন কিছু কর্মী।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় তার নাম আসামি হিসেবে থাকার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে শাহনাজ বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম জানান, তাকে স্থায়ী পদোন্নতি নয়, শুধুমাত্র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, যা প্রয়োজন অনুযায়ী পরে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটি ঘিরে বিমানের অভ্যন্তরে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে এবং নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার দাবি জানিয়েছেন কর্মীরা।