অনলাইন ডেস্ক : দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সিলেবাস ও কারিকুলামে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ২০২৭ সালের মধ্যেই এ পরিবর্তনের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়িত হবে এবং ২০২৮ সালের মধ্যে কারিকুলাম পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব হবে।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি প্রকল্পভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। এজন্য পাঠ্যক্রম সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ভবিষ্যতে এ খাতে জিডিপির আরও বড় অংশ বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে। তবে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ড. মিলন বলেন, শিক্ষার্থীদের কেবল ফলাফলনির্ভর না হয়ে দক্ষতা, নেতৃত্ব, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক মূল্যবোধ অর্জনের দিকেও মনোযোগ দিতে হবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
তিনি আরও বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে সেটিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এজন্য প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের কৃতী ১০৪ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই সম্মাননা শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মেধার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।