যুক্তরাষ্ট্রের চুক্তিতে লাভবান হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ১৭, ২০২৬
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মনে করেন, এই সমঝোতা দেশের রপ্তানি, বিনিয়োগ ও বৈশ্বিক বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তির আওতায় মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। এর ফলে বাংলাদেশের পোশাক খাত আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করবে।
তিনি বলেন, এই চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে। একই সঙ্গে অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে নতুন বাজার সৃষ্টি ও কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রপ্তানি বহুমুখীকরণে কূটনৈতিক উদ্যোগের ফলে কৃষি ও অপ্রচলিত পণ্যের জন্যও নতুন বাজার তৈরি হচ্ছে। সম্প্রতি ভিয়েতনামে বাংলাদেশের আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে এবং মালয়েশিয়ায় আম রপ্তানির বিষয়েও অগ্রগতি হচ্ছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন। তাদের প্রত্যাবাসনের লক্ষ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
বিদেশে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, দেশের বৈশ্বিক উপস্থিতি বাড়ানো এবং প্রবাসীদের সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশে কূটনৈতিক অবকাঠামো শক্তিশালী করছে। বর্তমানে ১৭টি দেশের ২০টি মিশনে নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি জানান, বিদেশে পরিচালিত ভাড়াকৃত মিশনগুলোর জন্য সরকারকে প্রতি বছর প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করতে হয়। এ ব্যয় কমাতে এবং কূটনৈতিক কার্যক্রম আরও কার্যকর করতে নিজস্ব স্থাপনা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।