অনলাইন ডেস্ক : চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকারও বেশি।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর প্রকাশিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা এই অর্থ দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রায় ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৬ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে।
শুধু ১৬ জুন একদিনেই বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
সংশ্লিষ্টদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারি প্রণোদনা, ডলারের বাজারভিত্তিক বিনিময় হার এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের শেষ পর্যায়েও এই প্রবৃদ্ধি ধরে রাখা গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।