বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি পাচারচক্রে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : নেপালগামী ফ্লাইটের বোর্ডিং পাস ব্যবহার করে জাল শেনজেন ভিসার মাধ্যমে ইতালি পাঠানোর মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডি জানায়, চক্রটি প্রথমে নেপালগামী ফ্লাইটের বৈধ বোর্ডিং পাস ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্ন করে। পরে বিমানবন্দরের ভেতরে সমন্বিতভাবে ভুয়া ইতালি ভিসা ও টিকিট সংগ্রহ করে যাত্রীদের অন্য ফ্লাইটে উঠাতে সহায়তা করা হয়।

ঘটনার তদন্তে জানা যায়, তিন যাত্রী ৩০ লাখ টাকার চুক্তিতে মানবপাচার চক্রের মাধ্যমে দেশ ছাড়েন। ইতালির রোমে পৌঁছে তাদের মধ্যে দুজন জাল ভিসাসহ ধরা পড়েন এবং পরে দেশে ফেরত পাঠানো হয়।

ঢাকা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিআইডি দেখতে পায়, স্টাফ গেট ব্যবহার করে যাত্রীরা ভেতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে সেখান থেকেই জাল ভিসা সংযুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর বিমানবন্দরের ইনস গেট দিয়ে তাদের ইতালিগামী ফ্লাইটে উঠতে সহায়তা করা হয়।

এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড অফিসার মোহাম্মদ আখলাসুর রহমানকে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তাদের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

সিআইডি জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।