চট্টগ্রামের কিছু এলাকায় ১৮ ঘণ্টা পানি বন্ধ
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আগামী রোববার (২১ জুন) টানা ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন শাটডাউন রেখে জরুরি কাজ করা হবে এ সময়।
ওয়াসার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে রাত পর্যন্ত স্টেশনটি বন্ধ থাকবে। হিজড়া খালের কাপাসগোলা ব্রিজ নির্মাণকাজের কারণে ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কারণে আরাকান রোড, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজউদ্দৌলা রোড, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, শাহ আমানত সেতু সংযোগ সড়কসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় পানি সরবরাহ বন্ধ বা বিঘ্নিত হবে।
এছাড়া কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকাও এর আওতায় পড়বে।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় পানি মজুত রাখার অনুরোধ জানিয়েছে।











