মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ অনুরোধের প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ অনুরোধ আমিরাত সরকারের কাছে পাঠানো হতে পারে।

সূত্র অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা থাকলেও প্রত্যর্পণ প্রক্রিয়ায় মূলত দুদকের দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতি সংক্রান্ত মামলাগুলোর নথি সংযুক্ত করা হচ্ছে। প্রক্রিয়াটি সহজ করতে অন্যান্য কিছু অভিযোগ এ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলেও জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাবটি যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি না থাকায় পুরো প্রক্রিয়া পারস্পরিক আইনি সহায়তা কাঠামোর আওতায় সম্পন্ন হচ্ছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই তাকে সম্প্রতি দুবাইয়ে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতা এড়াতে সতর্কভাবে নথি প্রস্তুত করা হচ্ছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।