অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিচালনা চুক্তি চূড়ান্ত পর্যায়ে জাপানি কনসোর্টিয়ামের নতুন শর্ত ও সময় চাওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, টার্মিনাল পরিচালনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে কাঠামো প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে অংশীদার পক্ষ আরও দুই মাস সময় চেয়েছে এবং নতুন কিছু শর্ত দিয়েছে।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী পরিচালনা খাত থেকে অর্জিত রাজস্বের বড় অংশ জাপানি কনসোর্টিয়াম পাবে, বাকি অংশ পাবে বাংলাদেশ। তবে নতুন সময়সীমা ও শর্তের কারণে নির্ধারিত সময়ে চালু করা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বেবিচক কর্মকর্তারা বলছেন, চুক্তি স্বাক্ষরের পর প্রস্তুতি সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে—এ কারণে চলতি বছরের মধ্যে টার্মিনাল চালু করা কঠিন হয়ে পড়তে পারে।
অন্যদিকে সংস্থাটির চেয়ারম্যান জানান, সরকারের লক্ষ্য ছিল আগামী ১৬ ডিসেম্বর টার্মিনাল চালু করা। তবে শেষ মুহূর্তে অংশীদার প্রতিষ্ঠানের অবস্থান পরিবর্তনে তারা বিস্মিত হয়েছেন এবং বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, থার্ড টার্মিনালের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হলেও পরিচালনা ও প্রশাসনিক জটিলতায় এটি এখনও চালু করা যায়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় কিছু যন্ত্রপাতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।