অনলাইন ডেস্ক : আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর অধ্যাপক জামালুন্নেসা নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন এবং সম্প্রতি অবসর গ্রহণ করেন। তিনি উচ্চশিক্ষা ও গবেষণায় দেশ-বিদেশে বিশেষ অবদান রেখেছেন বলেও জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, সেবা ব্যবস্থার মান উন্নয়নে অবকাঠামোগত পরিবর্তন ও প্রোটোকল পুনর্মূল্যায়নের কাজ চলছে। পাশাপাশি কিছু পরিচালনাগত পরিবর্তনও আনা হচ্ছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে তাদের অধীনে একাধিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতে মানসম্মত চিকিৎসা সেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের প্রধান অঙ্গীকার।