আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
এর আগে গত ৯ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী, দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড, আটজনকে ৫ বছরের কারাদণ্ড এবং ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এক আসামির ক্ষেত্রে হাজতবাসের সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায়।
১০ বছরের সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, দুই শিক্ষক এবং ছাত্রলীগের এক নেতা। তাদের সবাই বর্তমানে পলাতক বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা।
রায়ে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজের ইতোমধ্যে ভোগ করা হাজতবাসের সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করা হবে।











