শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

news-image

নিজস্ব সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উমরা ফেরতযাত্রীর হারানো লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় পৌরসভার শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ অন্তত প্রায় অর্ধশত আহত। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা মো. গিয়াসউদ্দিন পরিচালিত “কসবা হজ কাফেলা”র মাধ্যমে চলতি বছর উমরা হজ পালনে সৌদি আরব যান শাহপুর গ্রামের মরিয়ম বেগম নামে এক বৃদ্ধা। হজ পালন শেষে দেশে ফেরার সময় তার একটি লাগেজ হারিয়ে যায়।

হারানো লাগেজের বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মরিয়ম বেগম তার স্বজনদের নিয়ে কসবা পৌর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত কসবা হজ কাফেলা কার্যালয়ে যান। এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, হারিয়ে যাওয়া লাগেজের দায়ভার সংশ্লিষ্ট যাত্রীর নিজের এবং এ বিষয়ে প্রতিষ্ঠানের করার কিছু নেই। যদিও স্থানীয় হওয়ার কারণে লাগেজটির খোঁজখবর নিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন প্রতিষ্ঠান প্রধান মো. গিয়াসউদ্দিন।

কিন্তু ওই আশ্বাসে সন্তুষ্ট না হয়ে মরিয়ম বেগমের সঙ্গে আসা তার নাতি উত্তেজিত হয়ে কার্যালয়ের দরজার গ্লাস ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল।এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিতে শুরু করে। পরে সকাল প্রায় ১১টার দিকে শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের শতশত লোক লাঠিসোঁটা, দা, বল্লম, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কসবা-চৌমুহনী, কসবা-সৈয়দাবাদ, কসবা-নয়নপুরসহ কুমিল্লা অঞ্চলের সঙ্গে সংযোগকারী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। বেলা দেড়টার দিকে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান, হজ ফেরত যাত্রীর হারানো লাগেজ নিয়ে পূর্বের কথা কাটাকাটি ও হাতাহাতির জের ধরেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।