আসামে ভারতীয় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে অবতরণের ঠিক আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, এএন-৩২ মডেলের বিমানটি রানওয়ের কাছাকাছি পৌঁছানোর পরই বিমানঘাঁটির ভেতরে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার তৎপরতা চালাতে জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছায়।
তবে এখন পর্যন্ত বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহত হয়েছে কি না, তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও দুর্ঘটনার খবর পাওয়ার কথা জানিয়ে বলেন, তারা এখন বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন।
এএন-৩২ বিমানটি ভারতীয় বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পরিবহন বিমান হিসেবে পরিচিত। সোভিয়েত ইউনিয়নে তৈরি এই টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি দুর্গম অঞ্চল, উচ্চ পার্বত্য এলাকা এবং প্রতিকূল আবহাওয়াতেও কার্যকরভাবে চলাচল করতে সক্ষম।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে প্রায় শতাধিক এএন-৩২ বিমান রয়েছে, যা সামরিক সরঞ্জাম পরিবহন, রসদ সরবরাহ এবং প্যারাট্রুপ পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
এর আগে চলতি বছরের ৫ মার্চ একই জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি সুখোই যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছিল, যেখানে দুই পাইলট নিহত হন।











