শিবির থেকে বহিষ্কার জিসান
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে এস এম ফরহাদ উল্লেখ করেন, শুক্রবার রাতে পুলিশ জিসানকে উদ্ধারের পর থেকে শনিবার দুপুর দেড়টা পর্যন্ত ছাত্রশিবিরের কোনো প্রতিনিধি কিংবা তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তার দাবি, জিসান এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। ফলে নিখোঁজ বা অপহরণ সংক্রান্ত ঘটনায় তার ব্যক্তিগত বক্তব্য জানা সম্ভব হয়নি। এ কারণে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের বক্তব্যই একমাত্র তথ্যসূত্র হিসেবে রয়েছে।
তিনি আরও জানান, জিসানের বিরুদ্ধে মামলা করা বিধবা নারী লিজা আক্তারের বড় বোনের ভাষ্যমতে, শুক্রবার বিকেলে ১৫ থেকে ২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের বাড়ি থেকে লিজাকে নিয়ে যান। সে সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যেতে দেওয়া হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, লিজা ও তার বাবাকে এখনো পুলিশের তত্ত্বাবধানে আলাদা অবস্থায় রাখা হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না।
এস এম ফরহাদ বলেন, লিজার বড় বোন সাবিকুন্নাহার জানিয়েছেন, বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর থেকে থানায় নেওয়া, মামলা দায়ের এবং পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। কারণ পরিবারের কেউই লিজা বা তার বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি। তবে তিনি জিসান ও লিজার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে আগে থেকেই জানতেন বলে উল্লেখ করেছেন।
ছাত্রশিবিরের এই নেতা বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় নিখোঁজের ঘটনার প্রকৃত কারণ বা বাস্তবতা এখনো স্পষ্ট নয়। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় সাংগঠনিক নীতিমালা অনুসারে জিসানকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে তদন্তে কোনো ধরনের অপরাধের প্রমাণ মিললে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার বিষয়েও সংগঠনটি পাশে থাকবে।











