রোববারই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন পশ্চিমা কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে আলোচিত চুক্তির খসড়া নিয়ে এখনো কাজ চলছে। সম্ভাব্য এই সমঝোতা স্বাক্ষরের স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, চুক্তির ভাষা চূড়ান্ত করতে উভয় পক্ষ কাজ করে যাচ্ছে। লেবাননের চলমান সংঘাতকে চুক্তির আওতায় আনার বিষয়ে ইরান জোর অবস্থান নিয়েছে। শনিবারের মধ্যে খসড়ার চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তির শর্তাবলি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন হামলা স্থগিত করা হয়েছে। তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে চলমান সংকট সমাধানে বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে।
রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, আলোচনাধীন খসড়ায় ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দীর্ঘদিন আটকে থাকা বিপুল অর্থসম্পদ মুক্ত করা এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে হামলা বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয় আপাতত এই চুক্তির বাইরে রাখা হতে পারে এবং তা ভবিষ্যৎ আলোচনার জন্য সংরক্ষিত থাকবে।
ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই।
ইরানের সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের চারপাশ থেকে কিছু সেনা প্রত্যাহার এবং দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার বিষয়েও নমনীয় অবস্থান দেখিয়েছে।
মেহর আরও জানায়, যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি সহায়তা পরিকল্পনা চাওয়া হয়েছে।











