শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট ইস্যুতে বিরোধীদের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর

news-image
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যেই বিরোধী দল প্রস্তাবিত জাতীয় বাজেটের বিরোধিতা করছে।

শনিবার সকালে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি দেখা যায়নি। চাল, ডাল, ভোজ্যতেল, লবণসহ সাধারণ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর থেকে অযৌক্তিক কর প্রত্যাহার করা হয়েছে। সরকারের প্রস্তাবিত বাজেটে প্রায় ৬০টি পণ্যের কর কমানো বা তুলে নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায়।

তিনি প্রশ্ন তুলে বলেন, যেসব পদক্ষেপ জনগণের স্বার্থে নেওয়া হয়েছে, সেগুলোর পরও বিরোধী দল বাজেটকে গণবিরোধী আখ্যা দিচ্ছে। মদ ও সিগারেটের মতো পণ্যের দাম বাড়ানো হলেও সেটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এতে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, বিলাসী পণ্য, মদ ও তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্যে কর হ্রাসের বিষয়টি বিরোধীরা এড়িয়ে যাচ্ছে। তাদের বক্তব্যে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ বেশি গুরুত্ব পাচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিরোধী দলের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নয়; বরং দেশে অস্থিরতা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা। সরকারের লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করা।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতের বিকাশও সমান গুরুত্বপূর্ণ। শিল্পায়ন ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ কারণে দেশে উৎপাদিত পণ্যের সুরক্ষায় আমদানিনির্ভর একই ধরনের পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে, যাতে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। কোনো রাজনৈতিক দল বা পরিবার নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষই এ দেশের মালিক। জনগণের সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তিকে সঙ্গে নিয়েই দলটি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী পাতলী খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খননকাজের উদ্বোধন করেন এবং খালের পাড়ে একটি কাঠবাদামের চারা রোপণ করেন।