জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার জামায়াত ও ১১ দলীয় জোটকে কোণঠাসা করার চেষ্টা করছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানও চাপের মুখে পড়ছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে সরকারদলীয় সংসদ সদস্যরা বরাদ্দ পেলেও বিরোধী দলের এমপিরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে কোনো জবাবদিহি বা স্বচ্ছতা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংককে আবারও এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে বলে নানা আলোচনা রয়েছে। একই সঙ্গে একটি হাসপাতালকে সামান্য কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় বিচার হওয়া উচিত বলে মত দেন নাহিদ।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি যে অর্থনৈতিক সংস্কার প্রয়োজন ছিল, বাজেটে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। যদিও কিছু পণ্যের কর হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যায়, তবুও কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপের মতে, বড় বাজেটের সঙ্গে বড় ধরনের দুর্নীতির ঝুঁকিও থাকে। বাজেটে দুর্নীতি প্রতিরোধ, ঋণখেলাপিদের অর্থ আদায়, অতীতের আর্থিক অনিয়মের বিচার কিংবা বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।
নাহিদ ইসলাম বলেন, এসব কারণেই বাজেট নিয়ে তাদের সমালোচনা থাকবে। শনিবার ১১ দলীয় জোটের সমাবেশে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি সংসদ ও সংসদের বাইরে এ নিয়ে বক্তব্য তুলে ধরা হবে। বাজেট বিষয়ে তাদের কিছু প্রস্তাবও রয়েছে এবং সরকার সেগুলো বিবেচনায় নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।