আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি এ ঘটনার জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন।
তিনি দাবি করেন, কোনো ঘটনা ঘটলে তার তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সরাসরি হাসপাতালের লাইসেন্স বাতিল করা যথাযথ সিদ্ধান্ত নয় বলে তিনি মত দেন।
জামায়াত আমির আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও উল্লেখ করেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কয়েকশো শিক্ষার্থী ও নার্সিং শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শফিকুর রহমান বলেন, কারও দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তবে হাসপাতাল বন্ধ করে দেওয়া সমাধান নয়। জনগণ ও শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে এবং এ সংক্রান্ত চিঠি হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।











