বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ
শুক্রবার সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব তথ্য তুলে ধরেন বলে জানা গেছে। স্ট্যাটাসে তিনি বাজেট বাস্তবায়নের কাঠামো, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং অর্থনৈতিক অগ্রাধিকারের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
মাহদী আমিন জানান, সরকারের নীতিগত বিবেচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চারটি বিষয়—সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার বা ‘ভ্যালু ফর মানি’, বিনিয়োগের কার্যকর অর্থনৈতিক ফলাফল মূল্যায়ন বা ‘রিটার্ন অন ইনভেস্টমেন্ট’, সরকারি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ।
তিনি আরও জানান, অর্থনীতিতে গতি আনার জন্য বাজেট বাস্তবায়নকে তিন ধাপে ভাগ করা হয়েছে, যাকে ‘3R Strategy’ বলা হচ্ছে। এর প্রথম ধাপে থাকবে অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা, যা এক বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে অর্থনীতির পুনর্গঠন বা পুনরুদ্ধারের অগ্রগতি, যা ১ থেকে ৩ বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তৃতীয় ধাপে থাকবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনর্গঠন ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, যা আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বাজেট প্রণয়নে মোট ১০টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগনির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনীতি, নিয়ন্ত্রণ শিথিলকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্যপ্রযুক্তির বিকাশ, পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা।
অর্থনীতির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যে তিন ধরনের ‘ডিভিডেন্ড’ অর্জনের লক্ষ্যও তুলে ধরেন তিনি। এগুলো হলো জনসংখ্যাগত সুবিধা (Demographic Dividend), আয়ুষ্কাল বৃদ্ধির সুবিধা (Longevity Dividend) এবং গণতান্ত্রিক সুবিধা (Democratic Dividend)।
উল্লেখ্য, মাহদী আমিন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।











