রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছাকাছি এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত পলাশকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, ঘটনার কিছুক্ষণ আগে রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে সড়কের ওপর অবস্থান করছিলেন পলাশ। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধার করেন এবং দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।
পলাশ পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা এবং ইউনুস খানের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তবে কারা হামলা চালিয়েছে কিংবা এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।











