তিস্তা মহাপরিকল্পনায় নতুন গতি
আরিফুজ্জামান মামুন
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট) বাস্তবায়নের উদ্যোগে নতুন গতি সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রকল্পের কারিগরি, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক পর্যালোচনা করা হয়। জানা গেছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় এক দশক ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনাকে এবার বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে আগামী ২৩ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরকে ঘিরে প্রকল্পটি নতুন করে গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সফরকালে তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। ইতোমধ্যে বেইজিং একাধিকবার প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে। গত বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের চীন সফরের সময়ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের ভূমিকার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল।
তথ্যমতে, চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদীর প্রায় ১১৫ কিলোমিটার অংশে ড্রেজিং, নদীশাসন, আধুনিক বাঁধ ও সেচব্যবস্থা নির্মাণ, পানি সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন, নদীতীর সংরক্ষণ, নতুন অর্থনৈতিক অঞ্চল ও নগরকেন্দ্র গড়ে তোলাসহ ব্যাপক
কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। কয়েক বছর আগে চীনা বিশেষজ্ঞরা প্রাথমিক সমীক্ষা পরিচালনা করে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয়ের একটি ধারণাপত্র বাংলাদেশকে দিয়েছিল। ওই পরিকল্পনার লক্ষ্য ছিল তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনাকে আধুনিক করা এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নতুন গতি দেওয়া।
তবে প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কেবল অর্থনৈতিক বা কারিগরি বিবেচনাই নয়, বড় ধরনের ভূরাজনৈতিক হিসাবও কাজ করছে। কারণ তিস্তা নদীর উজান ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গে অবস্থিত। বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানিবণ্টন নিয়ে বিরোধ কয়েক দশকের পুরনো। ১৯৮৩ সালে দুই দেশের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হয়েছিল। সেখানে তিস্তার পানির ৩৯ শতাংশ ভারতের এবং ৩৬ শতাংশ বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়। অবশিষ্ট পানি নদীপ্রবাহের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সেই সমঝোতা কখনও স্থায়ী চুক্তিতে রূপ নেয়নি।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি স্বাক্ষরের কথা ছিল। দুই দেশের মধ্যে একটি খসড়াও চূড়ান্ত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে শেষমুহূর্তে তা আটকে যায়। এর পর একাধিকবার বিষয়টি আলোচনায় এলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী পানিবণ্টন চুক্তি হয়নি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, তিস্তা প্রকল্প নিয়ে ভারতেরও আগ্রহ রয়েছে। দিল্লি চাইছে না যে কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডরের নিকটবর্তী এলাকায় চীনের দীর্ঘমেয়াদি উপস্থিতি তৈরি হোক। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী এই করিডরকে দেশটির নিরাপত্তা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে চীন দক্ষিণ এশিয়ায় তার অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশে বড় প্রকল্পে যুক্ত হতে আগ্রহী। সাম্প্রতিক বছরগুলোতে বন্দর, সেতু, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিস্তা প্রকল্পকে বেইজিং বাংলাদেশে তাদের ভবিষ্যৎ কৌশলগত সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বলে কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তিস্তা প্রকল্পে সম্ভাব্য বিদেশি ঋণ গ্রহণের বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। তাদের মতে, প্রকল্পটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অর্থায়ন, ঋণের শর্ত এবং আঞ্চলিক কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চীনা ঋণ গ্রহণের বিষয়ে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। সাধারণত বিদেশি অর্থায়নের বিষয়গুলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সরাসরি সমন্বয় করে থাকে।
বিশেষজ্ঞদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কয়েক কোটি মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কৃষিতে সারা বছর পানি সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি নদীভাঙন কমবে, বন্যা নিয়ন্ত্রণ সহজ হবে এবং পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে। তবে প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে আঞ্চলিক রাজনৈতিক সংবেদনশীলতা, অর্থায়নের উৎস এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থকে সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। একই সঙ্গে কারিগরি বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, তিস্তা প্রকল্পকে ভারত-চীন প্রতিযোগিতার চোখে না দেখে বাংলাদেশের জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। তিনি উল্লেখ করেন, ২০১১ সালের তিস্তা পানিবণ্টন চুক্তি বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশকে এখন বাস্তববাদী সিদ্ধান্ত নিতে হবে এবং যে দেশ সবচেয়ে উপযোগী শর্তে অর্থায়ন ও প্রযুক্তি দেবে, তার সঙ্গেই কাজ করা।











