সম্পদের হিসাব জমায় সরকারি কর্মচারীদের অনাগ্রহ
তাওহীদুল ইসলাম
দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা বাধ্যতামূলক করা হলেও এ প্রক্রিয়ায় প্রত্যাশিত সাড়া মিলছে না। অন্তর্বর্তী সরকারের চালু করা বার্ষিক সম্পদ বিবরণী দাখিল ব্যবস্থার প্রতি অনাগ্রহ দেখা যাচ্ছে প্রশাসনের একটি বড় অংশের মধ্যে। অনেক কর্মকর্তা মনে করছেন, আয়কর রিটার্নে সম্পদ ও আয়ের তথ্য দেওয়ার পর আলাদাভাবে সম্পদের হিসাব জমা দেওয়ার প্রয়োজন নেই। আবার কেউ কেউ বিদ্যমান আচরণবিধি অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের বিবরণী জমা দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। এ পরিস্থিতিতে বর্তমান পদ্ধতির কার্যকারিতা, প্রশাসনিক সক্ষমতা এবং বিদ্যমান আইন-বিধি বিবেচনায় নিয়ে নতুন নির্দেশনা জারির বিষয়টি পর্যালোচনা করছে সরকার।
গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহের উদ্যোগ নেয়। নতুন ফরম্যাটে কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের নামে থাকা দেশ-বিদেশের সব স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য জমা দিতে বলা হয়। ভবিষ্যতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে এসব তথ্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
২০২৪ সালের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করে এবং নতুন ফরম্যাট প্রণয়ন করা হয়। সে অনুযায়ী ২০২৫ সাল থেকে প্রতিবছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। ২০২৪ সালের হিসাব জমা দেওয়ার সময়সীমা কয়েক দফা বাড়িয়ে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৬ হাজার ৫২৪ কর্মকর্তা সম্পদের হিসাব জমা দিয়েছেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ৫ হাজার ২৯১ জন, নন-ক্যাডারের ৩৫৫ জন এবং অন্য ক্যাডারের ৬২১ কর্মকর্তা রয়েছেন।
তবে একই ব্যক্তি একাধিকবার তথ্য জমা দেওয়ায় চূড়ান্ত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে।‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর ১৩ নম্বর বিধি অনুযায়ী চাকরিতে প্রবেশের সময় প্রত্যেক সরকারি কর্মচারীকে নিজের ও পরিবারের সদস্যদের সম্পদের ঘোষণা দিতে হয়। এরপর প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী সরকারের কাছে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বার্ষিক ভিত্তিতে লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী সংগ্রহ, সংরক্ষণ ও যাচাই করা একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। বিশেষ করে কাগজভিত্তিক ব্যবস্থায় বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। ভবিষ্যতে সম্পদ বিবরণী দাখিলের পুরো প্রক্রিয়া অনলাইনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এতে তথ্য সংরক্ষণ, অনুসন্ধান ও যাচাই অনেক সহজ হবে। একই সঙ্গে কাগজপত্র ব্যবস্থাপনার চাপও কমবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, সরকারি কর্মচারীদের সম্পদ ও আয়-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিধান রয়েছে। আয়কর রিটার্ন দাখিলের পাশাপাশি সম্পদ ব্যবস্থাপনা, জমি ক্রয়ের ক্ষেত্রে অনুমতি গ্রহণ এবং নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রেও বিধিবিধান অনুসরণ করতে হয়।











