বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আয়ারল্যান্ডে ছুরিকাঘাতের একটি ঘটনাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় রাতেও অভিবাসীবিরোধী বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। রাজধানী বেলফাস্টের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কসংযোগস্থলে দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ও কাঠের টুকরা নিক্ষেপ করা হয়। আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলেও বুধবারে সহিংসতার পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় উত্তর আয়ারল্যান্ডজুড়ে গণপরিবহন সেবা বন্ধ রাখা হয় এবং নির্ধারিত সময়ের আগেই বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। বেলফাস্ট নগরকেন্দ্রের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ায় এলাকাটি প্রায় জনশূন্য হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের একটি অংশ কালো পোশাক পড়ে ও মুখ ঢেকে হামলা চালায়। একটি সরকারি অবকাঠামো বিভাগের যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন স্থানে ময়লার পাত্রে আগুন লাগানো হয়।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি পরিত্যক্ত ভবনে আগুন দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। তাদের লক্ষ্য ছিল শরণার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলের কাছে পৌঁছানো।
উত্তর আয়ারল্যান্ডের অন্যান্য এলাকায়ও বিক্ষোভ হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা শান্তিপূর্ণ ছিল। পূর্ব বেলফাস্টে প্রায় দেড়শ মানুষ জড়ো হলেও সেখানে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এদিকে সোমবার উত্তর বেলফাস্টে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় সুদানের নাগরিক ত্রিশ বছর বয়সী হাদি আলওদিদ আদালতে হাজির হন। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওই হামলায় গুরুতর আহত হন চল্লিশোর্ধ্ব স্টিফেন ওগিলভি। তিনি একটি চোখ সম্পূর্ণ হারিয়েছেন এবং অন্য চোখেও গুরুতর ক্ষতি হয়েছে। পাশাপাশি তার ঘাড় ও পিঠে আঘাত রয়েছে।
ওগিলভির পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে তারা এই বিবৃতি দিতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়। পরিবারটি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে বলেছে, সমাজে অনেক অভিবাসী গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারীর জাতিগত পরিচয় প্রকাশের পর উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। মুখোশধারী ব্যক্তিদের একটি অংশ বাড়িঘর, বাস ও ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বহু পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়।
দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘ছুরিকাঘাতের ঘটনাটি ভয়াবহ হলেও এর পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার কোনো যৌক্তিকতা নেই।’ বিরোধী নেতারাও সহিংসতার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন।
উত্তর আয়ারল্যান্ডের আঞ্চলিক সরকারও জরুরি বৈঠক করে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এসব ঘটনা সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়িয়েছে, নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং সমাজে গভীর ক্ষতির সৃষ্টি করেছে।
পুলিশ সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট বাড়ির ঠিকানা প্রকাশ করে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে, যা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং এটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী স্কটল্যান্ডেও অস্থিরতা ছড়িয়ে পড়ার ফলে আরও কয়েকজন আহত ও গ্রেপ্তার হয়েছেন।











