ইসরায়েল–ইরানকে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও ইরানকে পরস্পরের প্রতি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই আহ্বান জানান ট্রাম্প।
পোস্টে তিনি বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আজ ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের হাইফা শহরের একটি অনুরূপ জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আইআরজিসি তাদের বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলে এবং এর পরিণতি নিয়ে কঠোর সতর্কবার্তা দেয়।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক লক্ষ্যবস্তু এবং পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলি শত্রুরা একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এর প্রভাব গোটা অঞ্চলেরগুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
তারা সতর্ক করে দিয়ে বলে, ‘এই পরিস্থিতির ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার দায়ভার এই অগ্নিসংযোগের মূল নায়ক যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।’











