৭২-এর সংবিধান নিয়ে অতিরঞ্জন আছে: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি: সংগৃহীত
১৯৭২ সালের সংবিধান নিয়ে সমাজে ‘অতিকথন’ রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো-
‘১৯৭২ সালের সংবিধান নিয়ে আমাদের সমাজে অতিকথন রয়েছে। কারও কাছে এটি বেদবাক্য, আবার কারও কাছে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিছু। অথচ বাস্তবতা হলো, পৃথিবীর কোনো সংবিধানই নিখুঁত নয়। প্রতিটি সংবিধানে ভালো ও মন্দ দুটোই থাকে। আমরা প্রায়ই এটা বুঝি না, কিংবা বুঝতে চাই না।
এটাও আমরা বুঝি না যে, সংবিধান নিজে কোনো পাপ করতে পারে না। একই সংবিধান নিয়ে ভারতে গুজরালও শাসন করেছে, মোদীও করছে। আবার সংবিধানহীন বৃটেনে সুশাসন এসেছে, সেরা সংবিধানের মালদ্বীপ সেখানে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতার একমাত্র কারণ তাই সংবিধান নয়। এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি, প্রতিষ্ঠান ও নেতৃত্বও সমান গুরুত্বপূর্ণ।
১৯৭২ সালের সংবিধান এবং রাষ্ট্রনির্মাণে তার ভূমিকা নিয়ে তাই শুধু আবেগ নয়, প্রয়োজন নির্মোহ পর্যালোচনা। সেটা করতে হলে ১৯৭২ সালের সংবিধান প্রনীত হয়েছিল যে গণপরিষদে তাকে বুঝতে হবে। জানতে হবে কি বিবেচনায় কি বিধান এসেছিল সংবিধানে, কোন প্রস্তাব কিভাবে গ্রহন করা হয়েছিল গণপরিষদে। কেমন ছিল সদ্যস্বাধীন দেশের গণপরিষদের নতুন রাষ্ট্রচিন্তা।
‘সংবিধান বিতর্ক ১৯৭২’ বইটি লিখেছিলাম মূলত সেই তাড়না থেকে। আমি উপদেষ্টা থাকাকালীন সময়ে বইটির দ্বাদশ মুদ্রণ প্রকাশিত হয়েছে। আমার আরও কয়েকটি বই পাঠকপ্রিয়তা পেয়েছে, কিন্তু এই বইটির নতুন মুদ্রণের খবর শুনলে আলাদা একটা আনন্দ অনুভব করি।’











