আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের টলেডো শহরে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
রোববার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। তখন এলাকাটিতে কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই ব্যক্তির মধ্যে বন্দুক নিয়ে সংঘর্ষ থেকেই এই গুলির ঘটনা ঘটে। ঘটনাটিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন পুলিশ লেফটেন্যান্ট ড্যান গেরকেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একাধিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে এবং বিভিন্ন সূত্র ধরে কাজ করছে পুলিশ।
টলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান বলেন, এটি একটি সক্রিয় তদন্ত এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
এদিকে টলেডোর পাবলিক সেফটি ডিরেক্টর জর্জ ক্রাল জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন, যাদের কাছে ঘটনার ভিডিও বা তথ্য রয়েছে তারা যেন তা পুলিশের সঙ্গে শেয়ার করেন, যাতে তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া যায়।
তিনি আরও বলেন, টলেডোর ঐতিহ্যবাহী এই উৎসবে এমন সহিংস ঘটনা দুঃখজনক এবং তদন্তে সবার সহযোগিতা প্রয়োজন।