ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ
সাঈদ শিপন
বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই গুজব, কারসাজি ও অসাধু চক্রের তৎপরতা নিয়ে রয়েছে আলোচনা। সাম্প্রতিক সময়ে সেই পুরোনো সমস্যা নতুন রূপে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপভিত্তিক বিভিন্ন গ্রুপে।
‘নিশ্চিত লাভের আইটেম’, ‘ইনসাইড তথ্য’, ‘ডিএসই কর্মকর্তাদের বিশেষ পরামর্শ’ কিংবা ‘শতভাগ লাভজনক শেয়ার’-এ ধরনের লোভনীয় প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন প্রতারক চক্রের বিরুদ্ধে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারের দাম বাড়বে এমন দাবি করে নির্দিষ্ট কিছু শেয়ারের নাম আগাম ছড়িয়ে দেওয়াকে এখন অনেকেই ‘আইটেম’ নামে পরিচিত করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ ও চ্যানেলে এসব আইটেম সরবরাহ করা হয়। সেখানে দাবি করা হয়, বাজারের বড় বিনিয়োগকারী বা প্রভাবশালী গোষ্ঠীর কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে শেয়ারের নাম দেওয়া হচ্ছে। ফলে লোকসানের কোনো ঝুঁকি নেই।
অভিযোগ পাওয়া গেছে, প্রতারক চক্রের সদস্যরা অনেক ক্ষেত্রে নিজেদের পরিচয় গোপন রেখে নিয়ন্ত্রক সংস্থা বা বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ব্যবহার করছেন। তারা বিনিয়োগকারীদের বোঝানোর চেষ্টা করেন যে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তিরা তাদের সঙ্গে যুক্ত আছেন। এমনকি কিছু ক্ষেত্রে দাবি করা হয়, ডিএসইর অভ্যন্তরীণ সূত্র থেকেই এসব আইটেম সরবরাহ করা হয়।
বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করা। কারণ, নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জের নাম যুক্ত হলে অনেকেই বিষয়টি বিশ্বাসযোগ্য মনে করেন। বাজারে দ্রুত মুনাফা অর্জনের মানসিকতা ও বিনিয়োগ শিক্ষার ঘাটতি এ ধরনের প্রতারণাকে উৎসাহিত করছে।
তারা বলছেন, অনেক নতুন বিনিয়োগকারী কোম্পানির আর্থিক প্রতিবেদন, ব্যবসায়িক সক্ষমতা বা মৌলভিত্তি বিশ্লেষণ না করে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে নির্ভর করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে গ্রুপ পরিচালনা করা সহজ হওয়ায় প্রতারকদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। কোনো ব্যক্তি বা গ্রুপ যদি নিশ্চিত মুনাফার নিশ্চয়তা দেয়, তবে সেটিকে সন্দেহের চোখে দেখা উচিত। শেয়ারবাজারে লাভের পাশাপাশি লোকসানের ঝুঁকিও থাকে। ফলে শতভাগ লাভ বা লোকসানহীন বিনিয়োগের দাবি বাস্তবসম্মত নয়।
দাম কমে গেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) আমাদের লোক আছে। ১০ শতাংশ লাভ দিয়ে আমরা নিয়ে নেই। আমাদের সঙ্গে ডিএসইর কর্মকর্তারাও আছেন। তারা আমাদের তথ্য দেন।-প্রতারণ চক্রের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ
এদিকে গ্রুপ পরিচালনাকারীরা সদস্যদের দেখানোর জন্য আগে সফল হওয়া কয়েকটি শেয়ারের উদাহরণ তুলে ধরেন। সম্প্রতি মেঘনা পেট, সোনারগাঁও টেক্সটাইলসহ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব উদাহরণ দেখিয়ে দাবি করা হয়, তাদের দেওয়া আইটেমে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জন সম্ভব হয়েছে।
এমনই একটি প্রতারণ চক্রের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ। তিনি নিজের ফেসবুক পেজে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের তথ্য দেওয়ার পাশাপাশি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার তথ্যও প্রকাশ করেন। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি যারা অনেকদিন পর্যন্ত শেয়ারবাজারে আছেন কিন্তু লাভ করতে পারছেন না, শুধু তারা এবং প্রবাসী, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও গৃহিণীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে বলেন। পোস্টে একটি মোবাইল নম্বরও দেওয়া হয়।
বিনিয়োগকারী সেজে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমাদের হোয়াটঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হলে বিনিয়োগ করা অর্থের ওপর নির্ভর করে সার্ভিস চার্জ দিতে হবে। বিনিয়োগের পরিমাণ ১৫ লাখ টাকার বেশি হলে সার্ভিস চার্জ ১০ হাজার ২০০ টাকা। আর বিনিয়োগ ১৫ লাখ টাকার নিচে হলে সার্ভিস চার্জ ৫ হাজার ১০০ টাকা। এককালীন দিতে হবে। এর বাইরে আর কোনো চার্জ নেই।
আপনাদের আইটেমের দাম কমে গেলে কী হবে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ওরকম কিছু হয় না। দাম কমে গেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) আমাদের লোক আছে। ১০ শতাংশ লাভ দিয়ে আমরা নিয়ে নেই। আমাদের সঙ্গে ডিএসইর কর্মকর্তারাও আছেন। তারা আমাদের তথ্য দেন।
হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার পর কথা ঘোরাবেন না তো? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না না ওরকম কিছু হবে না। গ্রুপ আইটেম সম্পর্কে আপনার ধারণা নেই। আমাদের গ্রুপে যুক্ত না হলে বুঝতে পারবেন না। সম্প্রতি আমাদের বেশকিছু আইটেম ৪০-৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
ডিএসইর কার মাধ্যমে আপনারা তথ্য পান? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিএসইতে আমাদের লোক আছে। ডিএসইর কার মাধ্যমে তথ্য পাই, সে কথা তো বলা যাবে না। এটা গোপনীয় বিষয়। আমরা আমাদের গ্রুপ মেম্বারদের জন্য লাভের নিশ্চয়তা দিচ্ছি।
আমাদের জানা মতে ডিএসই থেকে কোনো তথ্য ফাঁস হয় না। যদি কেউ তথ্য ফাঁসের তথ্য-প্রমাণ দিতে পারেন, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো চক্র ডিএসইর নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে, আমরা তাদের ধরার চেষ্টা করছি।-ডিএসইর উপ-মহাব্যস্থাপক মো. শফিকুর রহমান
এরপর জাগো নিউজের পরিচয় দিয়ে আরেকটি মোবাইল নম্বর থেকে সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে যোগাযোগ করা হয়। জাগো নিউজের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়- হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা কি বিনিয়োগকারীদের আইটেম দেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ দেই।
আপনারা তথ্য কোথায় পান? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কিছু বিনিয়োগকারী আছি, তারা তথ্য পর্যালোচনা করে আইটেম দেই।
এর আগে আপনি তো বিভিন্ন জায়গায় বলেছেন, ডিএসইর আইটি থেকে আপনারা তথ্য পান। তার ভিত্তিতে আপনারা আইটেম দেন। জাগো নিউজের পক্ষ থেকে এমন কথা বললে তিনি বলন, না না ডিএসইর কেউ আমাদের সঙ্গে নেই। ডিএসই থেকে আমরা তথ্য পাই না। আমরা নিজেরাই তথ্য পর্যালোচনা করে দেই।
এ সময় তাকে বলা হয়, একটু আগে আমি অন্য নম্বর থেকে আপনাকে ফোন দিয়েছিলাম, তখন তো আপনি বলেছেন ডিএসই থেকে তথ্য পান। আপনার কথা আমার কাছে রেকর্ড করা আছে। এরপর তিনি কোনো উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এমন একটি গ্রুপে যুক্ত একজন বিনিয়োগকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমে দু-একটি শেয়ারে লাভ হওয়ায় গ্রুপের ওপর বিশ্বাস তৈরি হয়েছিল। পরে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার পর শেয়ারের দাম হঠাৎ কমে যায়। তখন গ্রুপের অ্যাডমিনদের কাছ থেকে আর ভালো আচরণ পাইনি।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর এক সদস্য বলেন, এ ধরনের প্রতারণার সবচেয়ে বিপজ্জনক দিক হলো শুরুতে কিছু বিনিয়োগকারী বাস্তবেই লাভ করতে পারেন। কারণ কোনো নির্দিষ্ট শেয়ারে সমন্বিতভাবে ক্রয়ের চাপ তৈরি হলে স্বল্প সময়ের জন্য দাম বেড়ে যেতে পারে। এতে নতুন বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হয়ে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন।
‘কিন্তু একপর্যায়ে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে প্রতারক বা কারসাজিকারীরা নিজেদের শেয়ার বিক্রি করে বেরিয়ে গেলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েন। আন্তর্জাতিকভাবে এই পদ্ধতিকে ‘পাম্প অ্যান্ড ডাম্প’ কৌশল হিসেবে চিহ্নিত করা হয়।’ বলছিলেন ওই ডিএসই সদস্য।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই প্রতারণা রোধে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো ও ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি জোরদার করা জরুরি।
ডিএসইর আরেক সদস্য বলেন, শেয়ারবাজারে টেকসই মুনাফার একমাত্র পথ হলো তথ্যভিত্তিক ও মৌলভিত্তিক বিনিয়োগ। আর দ্রুত লাভের প্রলোভনে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদে পা দিলে শেষ পর্যন্ত ক্ষতির বোঝা বইতে হতে পারে সাধারণ বিনিয়োগকারীদেরই। তাই বিনিয়োগকারীদের উচিত এ ধরনের আইটেমের ফাঁদে পা না দিয়ে তথ্যভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া।
যোগাযোগ করা হলে ডিএসইর উপ-মহাব্যস্থাপক মো. শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমাদের জানা মতে ডিএসই থেকে কোনো তথ্য ফাঁস হয় না। যদি কেউ তথ্য ফাঁসের তথ্য-প্রমাণ দিতে পারেন, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো চক্র ডিএসইর নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে, আমরা তাদের ধরার চেষ্টা করছি।
এমএএস/এএসএ/এমএফএ











