শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ

news-image

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় ছাত্রদল নেতা আব্দুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড় দেইল গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল গাফফার জিসান অভিযোগ করেন, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য প্রকাশ করায় তার বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বাড়ির জানালা ও প্রধান ফটকে ভাঙচুর করেছে বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘জিসান (গাফফার) আমার সঙ্গে ফোনে কথা বলার সময় স্বীকার করেছে যে রাজনৈতিক চাপে পড়ে তাকে এসব বক্তব্য দিতে হয়েছে। সে আরও বলেছে, বিষয়টি নিয়ে টেলিভিশনের টকশোতে অংশ নেওয়ার সুযোগ পেতে এবং আলোচনায় আসতেই এসব বলা হচ্ছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’

হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল উদ্দিন তিব্রিজও অভিযোগ নাকচ করে বলেন, ‘ঘটনার পর আমি নিজেই তাদের বাড়িতে গিয়েছি। সেখানে ভবনের একটি জানালার কাচ ভাঙা দেখতে পাই। বাইরে থেকে কে বা কারা একটি ঢিল ছুড়ে কাচ ভেঙেছে। এটিকে পরিকল্পিত হামলা বা ভাঙচুর বলা কতটুকু যৌক্তিক, সেটি বিবেচনার বিষয়।’

এদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ভবনের একটি জানালার অংশ ভাঙা দেখা গেছে। কে বা কারা ইট বা ঢিল ছুড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘরে থাকা লোকজনও কাউকে দেখতে পাইনি।’

তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট দিয়ে গণঅধিকারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন অভিযোগ তোলেন, গণঅভ্যুত্থানের পর দুর্নীতিতে জড়িয়ে পড়েন আবদুল হান্নান মাসউদ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একরামুল কবির চৌধুরীকে টাকার বিনিময়ে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসান এ সময় হান্নান মাসউদের সঙ্গেই থাকতেন। আবদুল হান্নান মাসউদ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক বৈঠকের পর জিসানকে বলেন, ‘ভাই, ওরা ১ কোটি দিতে চায়, আপনি ৩ কোটিতে ডিল করেন।’

রাশেদ খাঁনের দেওয়া পোস্টটি ওই দিনই নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন জিসান। এরপর আবদুল হান্নান মাসউদও তার ফেসবুক আইডিতে জিসানের সঙ্গে মোবাইল ফোনে হওয়া কথোপকথনের একটি রেকর্ড পোস্ট করেন। সেখানে জিসানের উদ্দেশ্য করে কেন তার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ তোলা হয়েছে জানতে তিনি। জবাবের একপর্যায়ে এর জন্য ক্ষমা চান জিসান।

তবে হান্নান মাসউদের পোস্টের পর জিসানের আরেকটি ভিডিও ফেসবুকে আপলোড করেন রাশেদ খাঁন। এতে জিসান দাবি করেন, সান্ত্বনা দিতে গিয়েই তিনি আবদুল হান্নান মাসউদকে ফোন দিয়েছিলেন। আবদুল হান্নান মাসউদের ‘তিন কোটি টাকায় ডিল করতে’ চাওয়ার ঘটনাটি সম্পূর্ণ সত্য। তবে জিসান এ বিষয়ে রাজি না হওয়ায় ‘ডিলটি’ হয়নি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা