হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বুধবার দুপুরে হবিগঞ্জ সদরউপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে ২-০ গোলে ব্রাজিল হেরে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। বুধবার সকালে আবারও খেলা নিয়ে তর্কে জড়ায় দুই পক্ষ। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ।
ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।











