হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল
সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০১ জনে পৌঁছেছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২১০ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।
একই সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ১৯১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ১৪২ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫১১ জন এবং নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।











