ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান
নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সফরে ৪ জুন ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও তার মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যোগাযোগ আরও সক্রিয় হয়েছে।











