সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের বাকি সময়জুড়ে এল নিনোর প্রভাব আরও জোরালো হতে পারে। বিভিন্ন আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী, এটি গত এক দশকের অন্যতম শক্তিশালী এল নিনোতে রূপ নিতে পারে। কিছু বিশেষজ্ঞ একে অতিশক্তিশালী এল নিনো হিসেবেও উল্লেখ করছেন।
এল নিনো হলো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। সাধারণত এর প্রভাব কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বর্তমানে প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলরাশি এল নিনোর বিকাশে সহায়তা করছে। জুন থেকে আগস্ট সময়ে বিশ্বের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। এই পরিস্থিতি বছরের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে এল নিনোর চূড়ান্ত তীব্রতা নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন পূর্বাভাসে ভিন্ন ফলাফল আসায় বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন, সম্ভাব্য শক্তিশালী এল নিনোর জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। তার মতে, এর ফলে খরা, অতিবৃষ্টি এবং স্থলভাগ ও সমুদ্রে তীব্র তাপপ্রবাহের ঘটনা বৃদ্ধি পেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, যুক্তরাষ্ট্র, হর্ণ অব আফ্রিকা ও মধ্য এশিয়ায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিপরীতে ভারত, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা এবং ইন্দোনেশিয়ায় খরার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
এছাড়া মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা স্মরণ করিয়ে দিয়েছে, ২০২৩-২৪ সালের শক্তিশালী এল নিনোর প্রভাবেই ২০২৪ সাল ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়েছিল। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমের কারণে মশাবাহিত রোগের বিস্তার, খাদ্য ও পানির সংকট এবং জনস্বাস্থ্যের ওপর চাপ আরও বাড়তে পারে।
অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কৃষি উৎপাদন ব্যাহত হলে বৈশ্বিক খাদ্যবাজারে মূল্যবৃদ্ধি দেখা দিতে পারে। বিশেষ করে কোকো উৎপাদনকারী অঞ্চলগুলোতে ফলন কমে গেলে চকলেট শিল্পেও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা সতর্ক করেছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের গভীর স্তরে অস্বাভাবিক উষ্ণতা সৃষ্টি হয়েছে, যেখানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়েছে। এই অতিরিক্ত তাপ ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান পরিস্থিতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে। তার মতে, এল নিনো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে আরও তীব্র করে তুলতে পারে।