সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা পড়ে রইলেন অবহেলায়, তিন ছেলের খোঁজ মেলেনি

news-image

রাজধানীর মিরপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তিন সন্তান সমাজে প্রতিষ্ঠিত হলেও তাদের বৃদ্ধা মা নুরজাহান বেগম (৭৫) মারা গেছেন চরম অবহেলায়। রোববার রাতে মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি আলাদা কক্ষ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ওই সময় পুরো ফ্ল্যাটে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী, নুরজাহান বেগম ওই ফ্ল্যাটে তার মেয়ের সঙ্গে থাকতেন। তবে তাকে আলাদা একটি কক্ষে রাখা হতো, যা ছিল অগোছালো ও অন্ধকার। গত এক সপ্তাহ ধরে পরিবারের কেউ তার খোঁজ নেননি বলে জানা গেছে।

ওই সময় এক নার্সকে ডেকে আনা হলে তিনি কক্ষে প্রবেশ করে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে মন্তব্য করেছেন, উচ্চপদে থাকা সন্তানদের এমন অবহেলা মানবিকতার প্রশ্নে বড় ধরনের ব্যর্থতা।

পল্লবী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অবহেলা বা অন্য কোনো কারণ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।