নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং খাতে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে খেলাপি ঋণের পরিমাণ। চলতি বছরের প্রথম প্রান্তিকে মাত্র তিন মাসের ব্যবধানে প্রায় ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা নতুন খেলাপি ঋণ যুক্ত হয়েছে। ফলে মার্চ শেষে ব্যাংকখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে এই অঙ্ক উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, তারল্য ব্যবস্থাপনা এবং ঋণ বিতরণ কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সময়ে খেলাপি ঋণের হার বেড়ে মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে পুনঃতফসিল সুবিধা, বিশেষ নীতিগত সহায়তা এবং দুর্বল ঋণ তদারকির কারণে প্রকৃত খেলাপি ঋণের চাপ জমে ছিল। রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পর ধীরে ধীরে সেই প্রকৃত চিত্র প্রকাশ পাচ্ছে।
তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় পৌঁছেছিল, যা ছিল মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। পরে বিশেষ পুনঃতফসিল সুবিধা ও ঋণ আদায় কার্যক্রম জোরদার হওয়ায় ডিসেম্বর শেষে কিছুটা কমে আসে খেলাপি ঋণের পরিমাণ। তবে চলতি বছরের শুরুতেই আবারও বড় অঙ্কের ঊর্ধ্বগতি দেখা গেল।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের এই ধারাবাহিক বৃদ্ধি ব্যাংকিং খাতের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে শিল্প ও ব্যবসা খাতে নতুন ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি আমানতকারীদের আস্থা ধরে রাখা এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।