মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের অভিযানে ৫ চিকিৎসককে শোকজ

news-image
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালটিতে হঠাৎ পরিদর্শনে যান তিনি। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন। পরিদর্শনের সময় কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্বস্থলে না পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়।

অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।

পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন। রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা চিকিৎসকদের জন্য বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত পাওয়া পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হবে।

এদিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, অভিযুক্ত চিকিৎসকদের তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।