মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরুর ১০ হাজার বিঘা জমির দাম দেখানো মাত্র ৫৩ টাকা!

news-image
আকিমুল ইসলাম, চুয়াডাঙ্গা

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিস্টিলারি কেরু অ্যান্ড কোম্পানি একদিকে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন করলেও, অন্যদিকে তাদের সম্পদ ও হিসাব ব্যবস্থাপনায় গুরুতর অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ১০ হাজার ৬৬৮ বিঘা জমির মোট মূল্য দেখানো হয়েছে মাত্র ৫ লাখ ৬২ হাজার ৬০৪ টাকা। ফলে কাগজে-কলমে প্রতি বিঘা জমির মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫৩ টাকা, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেরুর মালিকানাধীন ৩ হাজার ৫৫৬ একর জমির মূল্য বহু বছর ধরে পুনর্মূল্যায়ন করা হয়নি। অথচ ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১২৯ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা তাদের ৮৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ। তবে এই সাফল্যের আড়ালে সম্পদের প্রকৃত মূল্যায়ন, হিসাব সংরক্ষণ এবং আর্থিক তথ্যের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে।

অডিট প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির স্থায়ী সম্পদের মূল্য ৩৫ কোটি ৯৬ লাখ টাকার বেশি দেখানো হলেও অডিটের সময় প্রয়োজনীয় তথ্য দেরিতে সরবরাহ করায় সম্পদের বাস্তব অস্তিত্ব ও অবস্থা যাচাই করা সম্ভব হয়নি। সম্পদের অবস্থান, শনাক্তকরণ নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্যও অনুপস্থিত ছিল। এছাড়া আখসহ বিভিন্ন কৃষিজ সম্পদকে জৈবিক সম্পদ হিসেবে হিসাবভুক্ত না করায় মোট সম্পদের পরিমাণ প্রকৃত অবস্থার তুলনায় কম দেখানো হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

মজুদ পণ্য ও স্টোরসামগ্রী নিয়েও অডিটরদের আপত্তি রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৭২ কোটি টাকার বেশি মজুদ পণ্য এবং ৩৪ কোটি টাকার বেশি স্টোরসামগ্রীর বিপরীতে পূর্ণাঙ্গ ইনভেন্টরি রিপোর্ট উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি উৎপাদনাধীন পণ্যের মূল্য নির্ধারণেও নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বৈদেশিক ঋণ রূপান্তর, বিলম্বিত কর হিসাব, আরজেএসসিতে বার্ষিক রিটার্ন দাখিলসহ বিভিন্ন ক্ষেত্রে ঘাটতির বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে। শ্রমিকদের লভ্যাংশ ও কল্যাণ তহবিলের অর্থ ব্যবস্থাপনায়ও অনিয়মের অভিযোগ রয়েছে। অডিটরদের দাবি, কয়েক কোটি টাকার অবণ্টিত অর্থের ওপর শ্রমিকদের প্রাপ্য সুদ পরিশোধ করা হয়নি।

তবে কেরু কর্তৃপক্ষ বলছে, এসব অসঙ্গতির অন্যতম কারণ পুরোনো মূল্যায়ন পদ্ধতি। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুছ ছাত্তার স্বীকার করেন, জমি ও কৃষিজ সম্পদের পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, বর্তমান বাজারদরে সম্পদের মূল্য নির্ধারণের জন্য নতুন অডিট ফার্ম নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিষয়টি ইতোমধ্যে পরিচালনা পর্ষদে আলোচনা হয়েছে।

এদিকে কর কর্মকর্তারা বলছেন, নিয়মিত কর রিটার্ন দাখিল না করা বা আর্থিক হিসাবের অসঙ্গতি থাকলে তা তদন্তের বিষয় হতে পারে। সব মিলিয়ে রেকর্ড মুনাফার পাশাপাশি কেরুর সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।