নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা এবং আস্থার প্রতিফলন। তিনি ড. খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
বার্তায় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে খলিলুর রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবেন। পাশাপাশি বহুপক্ষীয় সহযোগিতা, সংলাপ এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। ভোটে অংশ নেওয়া ১৯০টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি দেশের সমর্থন পান তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ফলাফল ঘোষণার সময় সাধারণ পরিষদের কক্ষে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান। বিজয়ের ঘোষণা আসার পর তাকে দুই হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। পরে তিনি নতুন সভাপতি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যও দেন।