জলবায়ু সহনশীল মাছচাষে আসছে প্রযুক্তির ব্যবহার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের মাছচাষ খাতে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা যুক্ত করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীল মাছচাষ সম্প্রসারণ করা হবে।
প্রকল্পের আওতায় পানির অক্সিজেন ও লবণাক্ততা সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ, স্মার্ট ফিডিং সিস্টেম এবং অ্যাপভিত্তিক উৎপাদন ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। পাশাপাশি আবহাওয়া ও জলবায়ু ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কতা দেওয়ার ব্যবস্থাও থাকবে।
পরিকল্পনা কমিশন ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের মাধ্যমে মাছের উৎপাদন প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ব্যয়ও বাড়িয়ে নতুন করে ১১৩ কোটি টাকার বেশি নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে রয়েছে নরসিংদী, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুরসহ বিভিন্ন জেলা। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মকর্তারা জানান, প্রকল্পের মাধ্যমে হাজার হাজার প্রদর্শনী খামার, বিল নার্সারি, অভয়াশ্রম, জলাশয় পুনঃখনন এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাছ পরিবহন ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে প্রকল্পের কিছু খাতে ব্যয় বৃদ্ধি ও নতুন কার্যক্রম যুক্ত হওয়ায় পরিকল্পনা কমিশন কিছু বিষয়ে প্রশ্ন তুলেছে এবং অতিরিক্ত ব্যয় ও কিছু কেনাকাটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং টেকসই মৎস্য উৎপাদনে সহায়তা করবে।











