রামিসা হত্যা মামলায় সাক্ষ্য শুরু
মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তার সাক্ষ্যের মাধ্যমে বিচারিক কার্যক্রমের এই ধাপ শুরু হয়।
সকালে মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে পৃথক কারাগার থেকে আদালতে আনা হয়। সোহেল রানাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
এর আগে সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা, পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। একই দিনে ট্রাইব্যুনাল অভিযোগপত্রটি আমলে নেয়।
মামলা-সংশ্লিষ্ট নথি ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, সাক্ষ্যগ্রহণের এই পর্যায়ে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দাসহ গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য গ্রহণের কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৭ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
মামলার বিবরণ অনুযায়ী, রামিসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে সে বাসা থেকে বের হওয়ার পর অভিযুক্ত স্বপ্না কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্কুলে যাওয়ার সময় হয়ে গেলে শিশুটিকে খুঁজতে শুরু করেন তার মা।
একপর্যায়ে আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে কোনো সাড়া না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে একটি কক্ষে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতরে তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান তারা।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পালিয়ে যাওয়া প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পরদিন, ২০ মে, রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।











