মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা

news-image
নিজস্ব প্রতিবেদক : মশা নিয়ন্ত্রণের কার্যক্রম পর্যবেক্ষণে বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, মশক নিধনের কৌশল জানতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার চেয়ে দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করাই বেশি কার্যকর হতে পারে।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার একটি দল মশা দমনসংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব দেয়। তবে সেই সফরের অনুমোদন দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, সফরসংক্রান্ত প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে এ বিষয়ে প্রধানমন্ত্রী তার মতামত দেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সফরের অনুমতি মেলেনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে মেয়র শাহাদাত হোসেন এবং আরও পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের পরিকল্পনা ছিল। সেখানে মশকনিধন বিষয়ক আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের কথা ছিল।

এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়ে বলেন, মশা দমনের পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বরং দেশের যেকোনো জলাবদ্ধ বা ডোবা এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা অবস্থান করলেই বাস্তব অভিজ্ঞতা থেকে কার্যকর ও নতুন অনেক ধারণা পাওয়া সম্ভব।