এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ
সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। পাশাপাশি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের কাজে যুক্ত শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ কর্মকর্তাদের বিস্তারিত তথ্য বোর্ডে জমা দিতে হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। চাওয়া তথ্যের মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর। এছাড়া প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বিলম্ব ফিসহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ পাবে। একই সঙ্গে ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময়ও ১৬ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।










