কুষ্টিয়ায় বাস সংঘর্ষে নিহত ১, আহত ৫০
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সেনাসদস্য বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জিয়াউল ইসলাম (৪৫) ময়মনসিংহের বাসিন্দা ছিলেন। তিনি হিমেল পরিবহনের বাসে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হিমেল পরিবহনের একটি বাস খুলনা থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল। একই সময় ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনার দিকে যাচ্ছিল। তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আহত সেনাসদস্য মেহেদী হাসান বলেন, বাসটি বগুড়া থেকে যাত্রা শুরু করেছিল এবং পথে বিভিন্ন স্থান থেকে সেনাসদস্যদের নিয়ে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যাচ্ছিল। পথে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
হিমেল পরিবহনের যাত্রী জীবন ইসলাম জানান, তিনি চাকরির পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সেনাসদস্য বহনকারী বাসে ৪০ থেকে ৪২ জন নতুন নিয়োগপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তাদের বেশিরভাগই কমবেশি আহত হয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং একজন বেসামরিক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।











