ইয়াসিন-জসিমে জিম্মি বিমানবন্দর
দল পাল্টে চলছে চাঁদাবাজি লুটপাট
মোহাম্মদ ইয়াসিন মিয়া। নব্বইয়ের দশকে ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লোডার (কুলি)। তখনই তাঁর পরিচয় যুবলীগ নেতা বদরুল আলম শ্যামলের সঙ্গে। এরপর শুধুই অগ্রযাত্রার গল্প। চাকরি ছেড়ে যোগ দেন ছাত্রলীগে। অথচ অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া তাঁর। এখন তিনি বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি। এর আগে ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ঢাকা মহানগর উত্তরের ক্রীড়া সম্পাদক। অল্প সময়েই হয়েছেন প্রচুর টাকার মালিক। উত্তরা ও আশকোনায় আছে ফ্ল্যাট-বাড়ি। চড়েন ঝাঁ-চকচকে সর্বশেষ মডেলের প্রিমিও গাড়িতে। থানায় মামলা আছে একাধিক। আরেকজন যুবলীগ নেতা জসিম উদ্দিন তরফদার। অথচ ২০১২ সালেও ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সহসভাপতি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে ছবি তুলে ফেসবুকে ছেড়ে এখন নিজেকে জাহির করছেন তিনি। মন্ত্রীর নাম ভাঙিয়ে আরো বেপরোয়া তিনি। এই দুই নেতার ভয়ে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তটস্থ। সম্প্রতি বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের পিটিয়ে পণ্য লুট করে আলোচনায় আসেন তাঁরা। গতকাল রবিবার বিকেলে জসিমকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ তো তাঁদের বর্তমান রাজনৈতিক পরিচয় অস্বীকার করে বসলেন। গতকাল কালের কণ্ঠকে তিনি বলেন, ইয়াসিন ছাত্রলীগের কোনো পদে নেই। ওই লোক দাগি অপরাধী। কিন্তু তিনি তো এখন বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি- এ তথ্য জানানোর পর মহিউদ্দিন বলেন, কমিটিতে তাঁর নাম কিভাবে এসেছে তা খতিয়ে দেখা হবে। টাকা নিয়ে তাঁর নাম কমিটিতে রাখার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 'হয়তো ইয়াসিন ছাত্রলীগের নাম ব্যবহার করে ফায়দা লুটছেন। তাঁর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর যুবদল নেতা জসিম উদ্দিনও আমাদের সংগঠনের কেউ নন। এই ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও ইয়াসিনের মোবাইল বন্ধ পাওয়া গেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'ইয়াছিন ও জসিম তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দুজনই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। গতকাল বিকেলে জসিমকে ধরা হয়েছে। ইয়াসিনকেও ধরার চেষ্টা চলছে।' দীর্ঘদিন ধরেই এ দুজন শাহজালাল বিমানবন্দরসহ আশপাশের এলাকা নিয়ন্ত্রণ করছেন। তাঁরা রাজনৈতিক পরিচয়ে বিমানবন্দর থেকে চোরাই পণ্য লুটপাট করেন। তাঁদের ভয়ে কাস্টমস কর্মকর্তা থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও তটস্থ থাকেন। একসময়ের জাসাস নেতা ইয়াসিন ছিলেন বিমানবন্দরের কুলি। অভাব-অনটনের মধ্যে কাটত তাঁর জীবন। থাকতেন আশকোনা এলাকায়। এরপর যুবলীগের আরেক দুর্ধর্ষ নেতা বদরুল আলম শ্যামলের সঙ্গে পরিচয়ের পর তাঁর পরিচয় পাল্টে যায়। এখন তিনি ছাত্রলীগ নেতা। থাকেন উত্তরা ১ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে ৬ নম্বর ফ্ল্যাটে। এ ছাড়া উত্তরাতেই আছে তাঁর আরো তিনটি ফ্ল্যাট, আশকোনায় প্রচুর সম্পদ।
সূত্র জানায়, ইয়াসিনের পাশাপাশি বর্তমান যুবলীগ নেতা জসিম উদ্দিন তরফদারও বেপরোয়া স্বভাবের। তিনি পোস্টারিং করে জানান দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কাছের লোক। অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে গেছেন। তিনিও আগে থাকতেন আশকোনায়। এখন থাকেন উত্তরায়। তাঁর আছে একাধিক ফ্ল্যাট। যুবদল নেতা থাকার সময়ও তিনি ছিলেন বেপরোয়া। শাহজালাল বিমানবন্দরের একাধিক কাস্টমস কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'এসব অস্ত্রধারী সন্ত্রাসীর কাছে আমরা জিম্মি। গত ১০ আগস্ট তিন কাস্টমস কর্মকর্তাকে মারধর করে অন্তত কোটি টাকার চোরাই পণ্য লুট করা হয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ করলে আরো বেশি হয়রানির শিকার হতে হয়।'
বিমানবন্দর থানা ছাত্রলীগের এক নেতা বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু অসাধু নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কমিটিতে নাম লিখিয়েছেন ইয়াসিন। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় এখন কমিটির লোকজন তাঁকে না চেনার ভান করছেন। অথচ চলতি বছরের ১৫ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের কমিটি ইয়াসিনকে সহসভাপতি করে কমিটি অনুমোদন করে। ওই নেতা আরো বলেন, 'আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান হলেই ইয়াসিন ও জসিম বর্তমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের ছবি দিয়ে পোস্টার ছেপে চাঁদাবাজি করেন। তাঁদের কাছে আমরা জিম্মি হয়ে আছি।'











