শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

news-image
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৫৮৩ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত একদিনে ৫৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হিসেবে চিহ্নিত হয়েছে ১ হাজার ৩৩ জন। এ সময় ৯০৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৩৯ জন।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৮ হাজার ৯৯৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ৫৫ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৫০ জন।