কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি
অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের সরকারি হাসপাতালের অদূরে টি. আলী বাড়ি মোড় সংলগ্ন একটি পুকুরে মিললো মো: হোসেন মিয়া (৩৭) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মরদেহ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন কসবা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে ওই এলাকার একটি পুকুরে ভাসমান বস্তু দেখতে পান পথচারীরা। পরে সেটি মানুষের মরদেহ বলে ধারণা করেন তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটি মানুষের মরদেহ বলে নিশ্চিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
এই মরদেহের সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসা কয়েকজন লোক তাদের স্বজন বলে দাবী করেন। তারা জানান, উদ্ধার হওয়া মরদেহটি তাদের নিখোঁজ স্বজন হোসেন মিয়ার। নিহত হোসেন মিয়া পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।
স্বজনরা জানান, গত ২৫ মে হোসেন মিয়া নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে তার স্ত্রী মোছা. সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুকুর থেকে মরদেহটি তোলার পর মুখমণ্ডল দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে ও শোকের ছায়া নেমে আসে।
ঈদুল আজহা উদযাপনে আনন্দে মেতে উঠা এলাকাবাসীও তাদের এ শোকে কাতর হয়ে উঠে।
এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, পুকুর থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি সাংবাদিকদের জানান।











