কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
রোববার কুয়েতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার প্রথম চালান হস্তান্তর করা হয়। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী তুলে দেন প্রতিনিধিরা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় এবং একটি শুভেচ্ছা বার্তাও হস্তান্তর করা হয়।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।











