ঝুঁকি নিয়েই ট্রেনে ঈদযাত্রা
মঙ্গলবার সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিভিন্ন ট্রেনে উপচেপড়া ভিড় দেখা যায়। বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেসসহ প্রায় সব ট্রেনই কানায় কানায় পূর্ণ হয়ে শ্রীপুর স্টেশনে পৌঁছায়। শুধু বগির ভেতর নয়, ট্রেনের ছাদ ও হাতলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকেই এই রুটে যাত্রীর চাপ বাড়তে শুরু করে। কমলাপুর, বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর স্টেশন থেকেই অধিকাংশ ট্রেন পূর্ণ হয়ে শ্রীপুরে আসে।
শ্রীপুর স্টেশনে শত শত যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেনে উঠতে পারেননি। কেউ জানালা দিয়ে, কেউ মই বেয়ে ছাদে উঠে যাত্রা করেন। আবার অনেকে দুই বগির মাঝখানে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে বাড়ির পথে রওনা দেন।
যাত্রীরা জানান, বাসভাড়া তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই ট্রেনকে বেছে নিয়েছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপদ যাত্রা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
শ্রীপুর স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহাম্মদ বলেন, ঈদযাত্রায় প্রতিটি ট্রেনে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী বহন করা হচ্ছে। তারপরও নির্ধারিত সময়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।











