জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার সকালে রাজধানীর শাহবাগে নজরুলের ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নজরুলের সাহিত্য সাম্য, মানবতা ও ন্যায়ের বার্তা বহন করে। তাঁর গান ও কবিতা দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করেছে। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি আমরা তাঁর কাছ থেকেই পেয়েছি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নজরুলের লেখনী গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও কবির প্রতি শ্রদ্ধা জানায়।